টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার তদন্তে কোন অগ্রগতি নেই। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান এই হত্যাকাণ্ড ও ছাত্রলীগ নেতা আব্দুল কাদের বাপন হত্যা মামলার তদন্তের অগ্রগতি দেখার জন্য গতকাল রবিবার টাঙ্গাইল আসেন। তিনি বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ লেবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ খালেদ, সম্পাদক শামসাদুল আক্তার শামীম, ভাইস চেয়ারম্যান মানিক হোসেন ফারুক, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ।
১৮ জানুয়ারি আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। ২০ জানুয়ারি হরতালে পিকেটিং করতে গিয়ে আহত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের বাপন ২৯ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে মারা যান।
