নারায়ণগঞ্জে জামায়াত শিবিরের বাসস্থান হবে কবরস্থান

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১১
নারায়ণগঞ্জে আবারো জামায়াতে ইসলামী ছাত্র শিবিরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। তিনি দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেছেন, ‘সোমবার হরতালে পুলিশ নয় নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। নারায়ণগঞ্জকে এদিন পাহারা দিবে দলের নেতাকর্মীদের। যদি জামায়াত ও শিবিরের বহিরাগত লোকজন এ শহরে তাণ্ডব চালায় তাহলে এ শহরে জামায়াত ও শিবিরের লোকজনদের বাড়িঘর হবে কবরস্থান। গতকাল রোববার বিকেলে শহরে চাষাঢ়ায় এক সমাবেশে শামীম ওসমান এ কথা বলেন। জামায়াতে ইসলাম ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ, রাজাকারদের ফাঁসির দাবি ও ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শামীম ওসমান আঁততায়ীদের হাতে খুন হওয়া ব্লগার আহমেদ রাজীব হায়দারের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের চাষাঢ়া গোল চত্বরকে ‘রাজীব চত্বর’ হিসেবে ঘোষণা দেন এবং সেখানে রাজীবের বিশাল আকৃতির ছবি লাগিয়ে দেন। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে জামায়াত ও শিবিরকে কারা পৃষ্ঠপোষকতা করে তা সবাই জানে। প্রশাসন ও সরকারের উচিত হবে তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান নাজিমউদ্দিন আহম্মেদ, চন্দন শীল, খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দিপু, মজিবুর রহমান, শাহ নিজাম প্রমুখ।