নিহত ব্লগার রাজীব হায়দারকে নিয়ে গান গাইলেন ভারতীয় সংগীতশিল্পী সুমন। ‘শহীদ রাজীব’ শিরোনামের এই গানটি তিনি রবিবার সকালে তার ওয়েব সাইটে প্রচার করেছেন।
এবিষয়ে সুমন তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার শত্রুদের হাতে নিহত শহীদ রাজীব হায়দারকে নিয়ে এই গান। মাত্র ৩৫ বছর বয়সে শহীদ হয়েছেন সাহসী এই ব্লগার। শাহবাগের গণ-আন্দোলনের একজন সাহসীযোদ্ধা তিনি। আমি তার মৃত্যুর খবর শুনেছি, রাস্তায় পড়ে থাকা তার রক্তাক্ত নিথর মরদেহের ছবি দেখেছি। এ গানের মধ্য দিয়ে আমার ভেতর জন্ম নেয়া প্রচণ্ড দুঃখ ও ক্ষোভ প্রকাশিত হয়েছে। আমি রাজীবের বাবার বয়সী। আমার সন্তানরা যে স্বপ্ন পূরণের জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছে, সেই স্বপ্নের প্রতি সংহতি প্রকাশ করছি। সত্যিকারের ধর্মনিরপেক্ষ ও মুক্ত বাংলাদেশের স্বপ্ন চিরদিন বেঁচে থাক। আরও বেঁচে থাক সুন্দর ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মের এ সংগ্রাম। জয় বাংলা।’
সুমনের লেখা গান-
কী বলব আজ কাকে/কোন সান্ত্বনা দেব/ এত দূরে থাকি কী করে বলব/ খুনির খবর নেব!
কী বলব বন্ধুদের/ কিসের অভয় দেব/ এত দূরে থাকি কী করে বলব/ আমি প্রতিশোধ নেব\
তবুও আমার গানে/ খুনির বিরুদ্ধতা/ শহীদ রাজীব পেলেন/ মুক্তিযোদ্ধার অমরতা\
শহীদ রাজীব হায়দার/ আমার সালাম নাও/ এই দুনিয়ায় শাহাদাত বৃথা / যায় না তো একটাও।
তোমার রক্তে রাঙা/ বিপুল অঙ্গীকার/ যোগ্য বিচার পাবে একদিন/ খুনি আর রাজাকার...
