এখন চলছে বইমেলা। আপনার পছন্দের বই কিনতে যেতে পারেন একুশে গ্রন্থমেলায়। তবে কেনার আগে বই কীভাবে বাঁধাই করবেন তা জানা উচিত। পাশাপাশি বইয়ের যত্ন নেওয়ার টিপসও আপনার জানা থাকা দরকার।
নিজের বুকশেলফে অনেক দিন ধরেই যত্ন করে রেখে দিয়েছেন প্রিয় কিছু বই। দিন যায় বইগুলোর বয়সও বাড়ে। অনেক সময় ছিড়েও যায়। প্রয়োজনের সময় যদি বইয়ের গুরুত্বপূর্ণ পাতাটি খুঁজে না পান, তবে কেমন লাগবে আপনার কাছে। নিশ্চয়ই প্রিয় বইয়ের জন্য মনটা খারাপ হয়ে যাবে। তাই বই বাঁধাইয়ের খোঁজখবর আপনার জানা থাকলে ভালো। সময়মতো বইগুলো বাঁধাই করে নিন। বই বাঁধাই করতে আপনি যেতে পারেন ঢাকার নীলক্ষেত, নয়াবাজার, বাংলাবাজার, আরামবাগ, ফকিরাপুল, গুলিস্তান, মোহাম্মদপুর ও মিরপুর। পাশাপাশি নিজের পুরোনো ডায়েরি কিংবা বিখ্যাত কোনো ম্যাগাজিন আপনার সংগ্রহে থাকলে বাঁধাই করে নিতে পারেন।
বই বাঁধাই করতে খুব বেশি খরচ পড়বে না। বইয়ের আকার ও পৃষ্ঠার ওপর নির্ভর করে বাঁধাইয়ের খরচ। যদি পুরোনো ও বড় বই হয়, তাহলে খরচটা একটু বেশি পড়বে। যে বইয়ের পাতা কম, সেগুলো সাধারণত পিনআপ করে নিতে পারেন। এ জন্য আপনাকে গুনতে হবে ১৫ থেকে ১০০ টাকা। বইয়ের আকার বড় কিংবা বেশি পৃষ্ঠার হলে মোটা মলাটে এক পাশে রেকসিন দিয়ে সুন্দর করে বাঁধাই করে নিতে পারেন। এ ক্ষেত্রে খরচ পড়বে ৮০ থেকে ২০০ টাকা। অন্যদিকে নতুন বইও বাঁধাই করতে পারেন। এতে বই টেকসই হয় বেশি।
ভারী বই পড়ার সময় বুক কুশন বা রেহালে বই রেখে পড়ুন। এতে বইয়ের স্পাইন ভাঙবে না।
বই উল্টে রাখবেন না বা একেবারে মুড়ে পড়বেন না। এতে বইয়ের বাইন্ডিং ছিঁড়ে যেতে পারে।
বইয়ের মধ্যে ফুল বা পাতা রাখবেন না। এতে বইয়ের রঙ নষ্ট হয়ে যেতে কিংবা দাগ পড়তে পারে।
বইয়ের পাতা উল্টে পড়ার সময় পাতার কোণের দিকগুলো মুড়ে পড়বেন না। এতে বইয়ের পাতা নষ্ট হয়ে যেতে পারে। প্রয়োজনে বুকমার্ক ব্যবহার করুন।
বই ভালো রাখতে শুকনো নিমপাতা বইয়ের তাকের মধ্যে দিয়ে রাখতে পারেন।
সরাসরি রোদে বই রাখবেন না। এতে বইয়ের পাতা তাপে মচমচে হয়ে যায় আর পড়ার সময় ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
মাঝেমধ্যে শুকনো সুতি কাপড় দিয়ে ভালো করে সব বই মুছে নিন। এতে বইয়ের ওপর জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে।
স্যাঁতসেঁঁতে ভেজা ঘরে বা জায়গায় বই রাখবেন না। এতে বইয়ে ড্যাম্প লেগে যেতে পারে।
বই বাঁধাতে হলে রাবার ব্যান্ড বা শক্ত দড়ি ব্যবহার করবেন না। এতে বইয়ের পাতা, কাভার ছিঁড়ে যেতে পারে।
অন্য জায়গায় বই পাঠাতে হলে বক্সে বা বড় খামের মধ্যে ভরে পাঠাতে পারেন; দড়ি দিয়ে বেঁধে নয়।
বইয়ের আলমারি বা শেলফে ন্যাফথালিন, নিমপাতা বা মাঝেমধ্যে ইনসেকটিসাইড স্প্রে করে দিতে পারেন।
