বঙ্গমাতা ফুটবলে যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট : ০৩ মে ২০১৯, ২২:৫৯

বঙ্গমাতা আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৯) গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশের নারী ফুটবল দল যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনাল খেলা হওয়ার কথা থাকলেও সেটি মাঠে গড়ায়নি। সুপার সাইক্লোন ফণীর কারণে খেলা শুরু হওয়ার আগমুহূর্তে বাফুফে ফাইনাল খেলা বাতিল ঘোষণা করে বাংলাদেশ এবং লাওসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে। দুই দলের প্রাইজমানিও বণ্টন করে দেওয়ার কথা জানিয়েছে বাফুফে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিবের নামে এবারই প্রথম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৯) ফুটবল টুর্নামেন্ট হলো বাংলাদেশে। ছয় জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও লাওস, তাজিকিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া এবং আরব আমিরাত অংশগ্রহণ করে। বাংলাদেশ এবং লাওস কোনো খেলায় না হেরে ফাইনালে ওঠে। শক্তিশালী এই দুই দলের ফাইনাল খেলা দেখার জন্য কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে কয়েক হাজার দর্শক গিয়েছিলেন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফাইনাল বাতিলের ঘোষণা   দেওয়া হয়। বঙ্গমাতা ফুটবল ফাইনাল উপভোগ না করতে পারলেও এই টুর্নামেন্ট সুবাস ছড়িয়েছে। টুর্নামেন্টের গুরুত্ব বাড়াতে টুর্নামেন্টের স্বত্ব ক্রয়কারী প্রতিষ্ঠান ১৫টি হেভিওয়েট ক্যামেরা দিয়ে এবার বঙ্গমাতা ফুটবলের খেলা টিভিতে সম্প্রচার করে।  ইংরেজিতে ধারাবিবরণী দেওয়া হয়েছে। ধারাভাষ্য দিয়েছেন ইংলিশ পল ম্যাকসফিল্ড, যিনি আইএসএলে ধারাবিবরণী দেন। আরেকজন ছিলেন সিঙ্গাপুরের শেজাদ হক। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উপস্থাপনা করেছেন মিস অস্ট্রেলিয়া ইরিন ভিক্টোরিয়া হল্যান্ড। এই সুন্দরী নারী প্রতিদিন টিভি প্রোগ্রামে তুলে ধরেছেন দেশের নানা ঐতিহ্য। প্রত্যেক খেলায় ম্যাচ সেরা খেলোয়াড়কে দেওয়া হয়েছে ৫০০ মার্কিন ডলার। খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছিল পাঁচ তারকা হোটেলে।