যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একাত্ম পুরান ঢাকাবাসী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
পুরান ঢাকায় প্রজন্ম মঞ্চ স্থাপন করা হয়েছে। বাহাদুরশাহ পার্কে (ভিক্টোরিয়া পার্ক) যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্বাধীনতা প্রজন্ম মঞ্চের ব্যানারে বিক্ষোভ চলছে। পুরোনো ঢাকার সুশীল সমাজ এর আয়োজন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল, সোহরাওয়ার্দী ও ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীসহ পুরান ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রজন্ম মঞ্চে যোগ দিয়েছেন। একই মঞ্চে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক, কবি, শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণ বাড়ছে। প্রতি মুহূর্তেই উত্সুক মানুষের ভিড় বাড়ছে এখানে। এদিকে, শাহবাগে গণজাগরণ চত্বরের আহ্বানে পুরান ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কালো পতাকা ও কালোব্যাজ ধারণ করেছেন শিক্ষক- শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে পুরান ঢাকার সুশীল সমাজের উদ্যোগে স্বাধীনতা প্রজন্ম মঞ্চ নাম দিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তরুণ-যুবক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। রাজাকারদের ফাঁসির দাবির পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানান তারা। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে বাহাদুর শাহ পার্ক এলাকা। এই দাবিতে শ্লোগানের পাশাপাশি নানা সংগ্রামী গান পরিবেশন করে উপস্থিত জনতাকে উজ্জীবিত রাখছেন আয়োজকরা। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সংহতি জানিয়েছে। শিক্ষক রাকিবুল আলম বলেন, রক্তের ঋণ শোধরানোর সময় এসেছে। তাই স্বাধীনতা প্রজন্ম মঞ্চে এসেছি একাত্মতা প্রকাশ করতে। এরপর ছেলে-মেয়ে নিয়ে আসবো। এ ব্যাপারে স্বাধীনতা প্রজন্ম মঞ্চের আয়োজক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও যুদ্বাপরাধীদের ফাঁসির দাবিতে সোমবার এই মঞ্চ প্রতিষ্ঠা করা হয়েছে। এই মঞ্চ থেকে রাজাকার জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের সঙ্গে আত্মীয়তাসহ যে কোন ধরনের সামাজিক বন্ধন ছিন্ন করার দাবি জানাচ্ছি দেশবাসীর প্রতি। একই সঙ্গে অর্থের যোগানদাতা প্রতিষ্ঠানগুলোও বন্ধের দাবি জানাচ্ছি। নজরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের সাথে একাত্ম হয়ে স্বাধীনতা মঞ্চ যতদিন প্রয়োজন এই আন্দোলন চালিয়ে যাবে। তিনি এই মঞ্চে সর্বশ্রেণির মানুষের অংশগ্রহণের আহবান জানান। এদিকে শাহবাগের প্রজন্ম চত্বরের আহবানে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুবিলী স্কুল, সেন্ট গ্রেগরি স্কুল, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে কালোব্যাজ ধারণ করে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।