৪০ লাখ টাকা মুনাফা করেছেন দুই শিক্ষক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
দশ লাখ টাকা খরচ করে এক হেক্টর জমিতে স্ট্রবেরি ফলের চাষ করে ৪০ লাখ টাকা মুনাফা অর্জন করতে যাচ্ছেন শিবগঞ্জের দুইজন শিক্ষক। সরেজমিন দেখা গেছে, উপজেলার কামাতের মাঠে সাড়ে সাত বিঘা জমি বর্গা নিয়ে কলেজ প্রদর্শক মোহাঃ সফিকুল আলম ও সহকারী অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন যৌথভাবে স্ট্রবেরি ফলের চাষ শুরু করেন। সফিকুল আলম জানান, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত চারা তৈরি করে অক্টোবর মাসের শেষ ও নভেম্বর মাসের প্রথম সপ্তাহে চারা লাগানো হয়। জানুয়ারি মাসের শেষের দিকে ফল ধরতে শুরু করে এবং এপ্রিল মাস পর্যন্ত তা অব্যাহত থাকে। ইতিমধ্যে ৩৮ কেজি স্ট্রবেরি ফল ৮০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। তবে মৌসুমের শেষের দিকে অতি বৃষ্টি ও অন্যান্য কারণে দাম কম হতে পারে। এ হিসাবে আশা করছি এক মৌসুমে একবিঘা জমিতে ৫ হাজার কেজি স্ট্রবেরি ফল ধরবে, যার নূন্যতম মূল্য ৭ লাখ টাকা। তিনি আরো জানান, মৌসুম শেষে এক হেক্টর বিঘা জমি থেকে সাড়ে ৫২ লাখ টাকা পাওয়ার কথা, কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে ফল নষ্ট হয়ে যায়, এমনকি পাওনা টাকাও আদায় হয় না। তাই আমরা লক্ষ্যমাত্রা ধরেছি ৪০ লাখ টাকার মত। মাওলানা অধ্যাপক ইকবাল জানান, ২০০৮ সালে টিভি চ্যানেল আইয়ে স্ট্রবেরি ফলের উপর একটি অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার শিক্ষক অধ্যাপক মোহাঃ মুনজুর হোসনের সাথে যোগাযোগ করে প্রশিক্ষণ নিয়ে ২০০৯ সালে ২ বিঘা জমিতে চাষ শুরু করি এবং সেই মৌসুমে ৪ লাখ টাকা মুনাফা অর্জন করি। পরের মৌসুমে চারা নষ্ট হওয়ায় চাষ করতে না পারায় প্রায় ৩ লাখ টাকা লোকসান হয়। তারা আরো জানান, এই চাষ সমপ্রসারণ হলে এ ফল থেকে বিভিন্ন ধরনের খাবার আইটেম, শিশুদের খাবারের জন্য কেক, জেলি ঔষধ ও বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরির জন্য কারখানা গড়ে উঠবে। এ ব্যাপারে উপজেলা কৃষি সমপ্রসারণ বিভগের কর্মকর্তা মাহমুদুল ফারুক জানান, কৃষি সমপ্রসারণ বিভাগের কর্মকর্তাগণ তাদের ক্ষেত পরিদর্শন করেছেন এবং যাবতীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।