নাঙ্গলকোটে ডাকাত সর্দারের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২২
নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউপির মদনপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আবদুল হান্নানের বাড়িঘর ভেঙ্গে আগুনে পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী। গত রবিবার সকালে গ্রামবাসীসহ পার্শ্ববর্তী এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে বাড়িঘর ভেঙ্গে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এসময় নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মজুমদার ঘটনার স্থলে উপস্থিত হয়ে গ্রামবাসীর সাথে একাত্মতা পোষণ করেন। গ্রামবাসীরা জানান, হান্নান ডাকাত দীর্ঘদিন থেকে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি এবং মোটরসাইকেল ও বিভিন্ন গাড়ি ছিনতাই দলের গ্যাং লিডার হয়ে কাজ করে আসছিল। ইতিপূর্বে গ্রামবাসী তাকে প্রাথমিক সতর্ক করলেও সে এ কাজ থেকে বিরত থাকছে না। ফলে গ্রামবাসী তাকে ধরে কয়েকবার পুলিশে সোপর্দ করেছিল। কিন্তু পুলিশে দেয়ার কয়েকদিনের মধ্যে সে জামিনে এসে আবারও অপরাধমূলক কাজ চলিয়ে যায়। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে গত রবিবার তার বাড়িঘর ভেঙ্গে আগুনে পুড়িয়ে দেয়। নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (এসআই) আবু জাহের বলেন, হান্নানের বিরুদ্ধে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লাকসাম ও চৌদ্দগ্রাম থানায় ৭/৮টি চুরি-ডাকাতির মামলা রয়েছে।