জয়পুরহাটের মাস্টারপাড়া উচ্চ বালিকা ও চিনিকল কেজি স্কুলের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার একছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে থানায় মামলা হয়। পরে আহত ছাত্রীকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে একজনের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
জানা গেছে, জয়পুরহাটের তাজুর মোড় এলাকার ওই দুই ছাত্রীকে স্থানীয় দু’জন বখাটে যুবক নানা প্রলোভনে বুধবার নওগাঁর ধামুইরহাট উপজেলার আলতাদীঘিতে বেড়াতে নিয়ে যায়। সেখানে দুপুরে খাবার পর তারা জ্ঞান হারিয়ে ফেলে। পরে অজ্ঞান অবস্থায় সন্ধ্যায় তাদের জয়পুরহাট শহরের ক্যাডেট কলেজ এলাকার একটি বাড়িতে রেখে ওই দু’জন রাতভর ধর্ষণ করে। সেখান থেকে বৃহস্পতিবার সকালে তারা বাড়ি ফিরলে বাড়ির লোকজন তিরস্কার করে। এ সময় চিনিকল কেজি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে ওই ঘটনার শিকার অপর ছাত্রীর নানা বাদি হয়ে বৃহস্পতিবার জয়পুরহাট সদর থানায় রাজু হাসান ও আলমগীর নামের দু’জনকে আসামি করে মামলা করলে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। আর অপর ছাত্রীর চাচা জানান, চিকিত্সার জন্য ব্যস্ত থাকায় তারা মামলা করতে পারেননি। তবে ধর্ষকদের শাস্তির জন্য তারাও এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান।
