রাজধানীর বর্জ্য ব্যবহার করে প্রতিদিন ১০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা হবে। ঢাকা সিটি করপোরেশনের জমিতে আমিন বাজার ও মাতুয়াইলে ৫০ মেগাওয়াট ক্ষমতার দুইটি বিদ্যুত্ কেন্দ্র স্থাপন করা হবে। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করেছে ইটালিয়ান কোম্পানি ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফিনান্স (এসআরএল)। সোমবার সচিবালয়ে উভয় পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।
এ কেন্দ্র থেকে ঢাকা ইলেকট্রিক সাপ¬াই কোম্পানি (ডেসকো), ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এবং পল্ল¬ী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) বিদ্যুত্ কিনবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে আট দশমিক ৭৫ টাকা। চুক্তি অনুযায়ী ২০ বছর একই দামে বিদ্যুত্ পাওয়া যাবে। এই কেন্দ্রের জন্য সিটি করপোরেশন প্রতিদিন চার হাজার মেট্রিক টন বর্জ্য সরবরাহ করবে। এ বর্জ্যের বিপরীতে সিটি কর্পোরেশনকে বছরে ৬৯ লাখ ৪৪ হাজার টাকা দেবে কোম্পানিটি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা শহরে প্রতিদিন প্রায় পাঁচ হাজার মেট্রিক টন বর্জ্য উত্পন্ন হয়। এ বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় ভূমি ও পরিবেশ দূষিত হচ্ছে। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বর্জ্যের সরবরাহ বাড়লে আরো বেশি বিদ্যুত্ উত্পাদন করা যাবে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোজাম্মেল হক, ডিসিসি উত্তরের প্রশাসক এবিএম এনামুল হক, দক্ষিণের প্রশাসক আফসার আলী খান এবং ইটালিয়ান কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান বেলেজারিও কোসিমো চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বিদ্যুত্ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান, বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলামসহ বিদ্যুত্ বিভাগ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, এ প্রকল্পের জন্য ইটালিয়ান কোম্পানি ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। প্রথমে ৫০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা হলেও পরে দু’টি প্রকল্পে ১০০ মেগাওয়াট বিদ্যুত্ পাওয়া যাবে। এই প্রকল্পে দুই হাজার লোকের কর্মসংস্থান হবে।
বিদ্যুত্ প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বর্জ্য দিয়ে বিদ্যুত্ উত্পাদন হলেও বাংলাদেশে এই প্রথম। বিদ্যুতের পাশাপাশি প্রকল্পটি জৈব সার এবং ডিজেল উত্পাদন করবে।
