ব্লগারদের ফাঁসি চায় ইসলামী ঐক্যজোট

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৫
ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ শাহবাগ আন্দোলনের মূল নায়ক ব্লগারদের ‘ঔদ্ধত্যপূর্ণ’ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, পত্র-পত্রিকায় যতটুকু প্রকাশ হয়েছে তা পড়তে গেলেও যে কোনো মুসলমানের ঈমান নিয়ে খতরা দেখা দিতে পারে। তারা প্রশ্ন রাখেন, কোথায় হারিয়ে গেল বাংলার তাওহিদ প্রিয় তরুণদের সেই উত্তাল তরঙ্গ? তারা বলেন, আমরা অবিলম্বে ব্লগারদের ফাঁসি চাই। গতকাল সোমবার বিকাল ৩টায় লালবাগস্থ কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের এক জরুরি সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, যুগ্ম মহাসচিব মুফতী মুহাম্মদ তৈয়্যেব, মাওলানা যুবায়ের আহমদ প্রমুখ।