চাঁদাবাজি মামলা তুলে নিতে বাদী ও পরিবারকে হত্যার হুমকি

আপডেট : ০৪ মে ২০১৯, ০০:১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোসহ হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। আসামিপক্ষের বিরুদ্ধে এই হুমকির অভিযোগ এনে বাদীর স্বামী মনির হোসেন নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে গত বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২০১৭ সালের ১৮ এপ্রিল মনির হোসেনের স্ত্রী সাবেক ইউপি সদস্য লাকি মনির বাদী হয়ে ৭ জনকে নামীয় আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

লাকি মনির জানান, তার বাড়ি কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায়। তিনি ওই ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তার স্বামী মনির হোসেন একজন জমি ব্যবসায়ী। একই এলাকার হেলাল, অপু, লিটন, রবিন, শাহীন, আরিফ, আমানসহ একদল সন্ত্রাসী মনির হোসেনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ২০১৭ সালের ১৩ এপ্রিল উল্লেখিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে মনির হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

এ ঘটনায় লাকি মনির বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

ইদানিং পুলিশের অভিযান চালানোর কারণে আসামিরা পালিয়েছে। তারা ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে বাদীসহ পরিবারের সদস্যদের হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। শুধু তাই নয়, মামলা তুলে না নিলে মিথ্যা ঘটনা সাজিয়ে মামলায় ফাঁসিয়ে দিবে বলেও হুমকি দিচ্ছে।