ইউনেস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অফিসিয়াল ওয়েবসাইটে এবার প্রথমবারের মতো বাংলাদেশের শহীদ মিনারসহ সমগ্র ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সন্নিবেশিত করা হয়েছে। গতকাল জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন টেলিফোনে বাসসকে একথা জানান। তিনি বলেন, ‘ইউনেস্কো তাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে (আইএমএলডি)-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রথমবারের মতো আমাদের জাতীয় শহীদ মিনার এবং ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস সন্নিবেশিত করেছে। এবারের মাতৃভাষা দিবসে এটা আমাদের জন্য বড় একটি অর্জন।’
এছাড়া জাতিসংঘ ভবনের অভ্যন্তরে আমাদের জাতীয় শহীদ মিনারের একটি রিপিকা মন্যুমেন্ট স্থাপনের বিষয়েও জাতিসংঘ সম্মত হয়েছে। শিগগিরই সেটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
ড. মোমেন বলেন, ’৯৯ সালে ইউনেস্কো আমাদের ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার পর ২০০০ সাল থেকে সেটি বিশ্বব্যাপী পালিত হতে থাকলেও ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে’-এর ওয়েবসাইটে আমাদের শহীদ মিনারের ছবি অন্তর্ভুক্ত করা হয়নি। ফুল, লতা-পাতা বা বিভিন্ন মাতৃভাষা শিক্ষায় অংশ নেয়া শিশুদের ছবি ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ওয়েবসাইটটিতে ছিল। কিন্তু এবারই প্রথম বাঙালির গৌরবগাঁথা ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি, সালাম-বরকত-রফিক-শফিকদের বুকের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বিশ্ববাসী জানার সুযোগ পেল।
