বাংলাদেশের বিপ্ল¬বী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বুধবার এক বিবৃতিতে জাতীয় সংসদে পাসকৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল-২০১৩ কে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন দেশব্যাপী তরুণ প্রজন্মের গণজাগরণের ফলশ্রুতিতেই জনআকাঙ্ক্ষা পূরণে এই আইন পাস করা হল। ফলে মানবতাবিরোধী ট্রাইব্যুনাল আইনের ত্রুটি ও অসংগতি যেমন দূর হবে তেমনি যুদ্ধাপরাধীদের সাথে যুক্ত রাজনৈতিক দলসমূহের বিচারের রাস্তাও উন্মুক্ত হল। নতুন প্রজন্মসহ দেশবাসী আশা করে এখন রাষ্ট্রপক্ষ এই আইনের ভিত্তিতে পরিপূর্ণ দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে চিহ্নিত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ ও প্রস্তুতি গ্রহণ করবে। বিবৃতিতে তিনি ছাত্র-যুব-জনতার চলমান শ্রমজীবী-পেশাজীবীসহ সমাজের সকলকে সক্রিয়ভাবে অংশ নেবার আহ্বান জানান।
