রাষ্ট্রপতি ও স্পিকারের অনুদানের অর্থের পরিমাণ বাড়াতে মঙ্গলবার বিকালে জাতীয় সংসদে দুটি পৃথক বিল উত্থাপন করা হয়েছে। সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী রাষ্ট্রপতির অনুদানের অর্থ এক কোটি থেকে বাড়িয়ে দুই কোটি করতে প্রেসিডেন্টস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩ উত্থাপন করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ স্পিকারের অনুদানের অর্থ সাড়ে চার লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করতে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩ উত্থাপন করেন। স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট রাষ্ট্রপতির অনুদান সংক্রান্ত বিলটি দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট দেয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করেন।
