নতুন ৪৩ দল ইসির শর্ত পূরণে ব্যর্থ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদনকারী নতুন ৪৩টি রাজনৈতিক দলই কমিশনের প্রদত্ত শর্তসমূহ পরিপূর্ণভাবে পূরণ করতে পারেনি। এর মধ্যে ৫টি দলের নেই কোন গঠনতন্ত্র। নির্বাচনী ইশতেহার নেই ২৫টি দলের। বিধিমালা জমা দিতে পারেনি ৩৫টি দল। এছাড়াও শর্ত অনুযায়ী ৯টি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদবীসহ উল্লেখ করেনি, এমনকি কেন্দ্রীয় দফতর, প্রশাসনিক জেলা ও থানা/উপজেলা অফিস ও ২শ’ ভোটারের দলের সদস্য হিসেবে স্বাক্ষর জমা দেয়নি ১৭টি দল। নিবন্ধন ফি জমা দেয়নি ৯টি দল। ফলে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন দল নিবন্ধন না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো ঃ জাবেদ আলী ইত্তেফাককে বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমিশনের একটি বাছাই কমিটি আছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই নতুন দলের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আইন অনুযায়ী সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এমন দলগুলোকে নিবন্ধন করার জন্য গত বছরের ২৩ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক স্বাক্ষরিত রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধীকরণের উদ্দেশ্যে কোনো রাজনৈতিক দলকে আবেদনের সঙ্গে (ক) দলের নাম ও প্রধান কার্যালয়ের ঠিকানা; (খ) দলের গঠনতন্ত্র (গ) দলের নির্বাচনী ইস্তেহার, যদি থাকে (ঘ) দলের বিধিমালা, যদি থাকে (ঙ) দলের লোগো এবং পতাকার ছবি (চ) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা সমমানের কমিটির সব সদস্যের নাম এবং পদবী (ছ) দলের নামে রক্ষিত ব্যাংকের নাম, একাউন্ট নম্বর ও সর্বশেষ স্থিতি (জ) দলের তহবিলের উেসর বিবরণ (ঝ) দলের নিবন্ধনের আবেদন করার জন্য ক্ষমতাপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র (ঞ) নিবন্ধন ফি বাবদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয় বরাবরে জমাকৃত অফেরতযোগ্য টাকার ট্রেজারি চালানের কপি ইত্যাদি জমা দিতে হবে। ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়। ৭টি দল নিবন্ধনের শর্ত পূরণে আরো বেশি সময়ের প্রয়োজন উল্লেখ করে ইসিতে আবেদন করলে আরো ১ মাস সময় বাড়ানো হয়। নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলো গণবিজ্ঞপ্তি দেয়ার পর পর্যাপ্ত সময় পেলেও কমিশনের শর্ত পূরণ করতে পারেনি। চলতি বছরের ৩১ জানুয়ারি আবেদনের সময় শেষ হলে ‘নিবন্ধন বাছাই কমিটি’ দলগুলোর দেয়া তথ্য যাচাই-বাছাই শুরু করে। কমিশনের প্রদত্ত কোন শর্তই পূরণ করতে পারেনি বাংলাদেশ মুসলিম লীগ, মাতৃভূমি দল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। যে ৫ দলের গঠনতন্ত্র নেই সেগুলো হলো বাংলাদেশ মুসলীম লীগ, মাতৃভূমি দল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, কৃষক শ্রমিক পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টি। ২৫ দলের নির্বাচনী ইশতেহার নেই। দলগুলো হচ্ছে বাংলাদেশ জালালী পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিপিডিপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ গণসেবা আন্দোলন (বিজিএ), বাংলাদেশ জনতা দল, বাংলাদেশ প্রবাসী দল (বিপপা), বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট, মুক্ত রাজনৈতিক আন্দোলন (এমআরএ), বাংলাদেশ জনগণতান্ত্রিক দল (বিপিডি), মাতৃভূমি দল, বাংলাদেশ গণঅধিকার দল, বাংলাদেশ লেবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি), বাংলাদেশ বামফ্রন্ট, জনতা মহাজোট বাংলাদেশ, সম্মিলিত গণতান্ত্রিক পার্টি (বাংলাদেশ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ হিন্দু লীগ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (মার্কসবাদী-লেলিনবাদ), বাংলাদেশ রেড স্টার পার্টি (বিআরএসপি), ডেমোক্রেটিক পিপলস পার্টি ও ন্যাশনাল আওয়ামী। নিবন্ধন ফি জমা দেয়নি ৯ দল : ৯টি রাজনৈতিক দল নিবন্ধন ফি জমা দেয়নি। এগুলো হলো-বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জনগণতান্ত্রিক দল (বিপিডি), মাতৃভূমি দল, সম্মিলিত গণতান্ত্রিক পার্টি (বাংলাদেশ), বাংলাদেশ হিন্দু লীগ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মাওবাদী), ডেমোক্রেটিক পিপলস পার্টি ও ন্যাশনাল আওয়ামী । কেন্দ্রীয় কমিটি নেই ৯ দলের : কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদবীসহ উল্লেখ করেনি ৯টি রাজনৈতিক দল। এগুলো হলো- বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি), বাংলাদেশ জনগণতান্ত্রিক দল (বিপিডি), মাতৃভূমি দল, বাংলাদেশ গণশক্তি দল, সম্মিলিত গণতান্ত্রিক পার্টি (বাংলাদেশ), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ডেমোক্রেটিক পিপলস পার্টি, ন্যাশনাল আওয়ামী। কিছু শর্ত মেনেছে যেসব দল :কমিশনের শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য শর্ত যেসব দল পূরণ করতে পেরেছে সেই দলগুলো হলো-বাংলাদেশ নিউ সংসদ লীগ (বিএনএসএল), বাংলাদেশ জাতীয় লীগ (বিজেএল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ জাতীয় দল (বিজেডি), বাংলাদেশ গণসেবা আন্দোলন, বাংলাদেশ তৃণমূল লীগ (বিএসএল), মুক্ত রাজনৈতিক আন্দোলন (এম আর এ) জাতীয় মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট, বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ পিপলস লীগ, বাংলাদেশ গণঅধিকার দল, বাংলাদেশ মাইনরিটি পার্টি (বামাপা) ও বাংলাদেশ লেবার পার্টি। নিবন্ধন বাছাই কমিটির সদস্য সচিব ও কমিশনের সিনিয়র সহকারী সচিব মেছবাহ উদ্দিন আহমদ ইত্তেফাককে বলেন, নিবন্ধনের জন্য কমিশনে মোট ৪৩টি দল আবেদন করে। এদের মধ্যে সব শর্ত পূরণ করতে কোনো দলই পারেনি। তবে কিছু দল প্রাথমিক কিছু শর্ত পূরণ করতে পেরেছে। যাচাইয়ের কাজ শেষে বিষয়টি কমিশনে উত্থাপন করা হবে। এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, কমিশনে উত্থাপনের পর দলগুলোকে চিঠি দিয়ে জানানো হবে, কী শর্ত কোন দল পূরণ করেনি। এজন্য তাদের নির্দিষ্ট সময়ও দেয়া হতে পারে।