যুদ্ধাপরাধীরা জেল থেকে এসএমএস-এ বাইরে যোগাযোগ করছেন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪০
একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধা-পরাধের অভিযোগে আটক জামায়াত ও বিএনপির নেতাদের ব্যাপারে কারাগারে সর্বোচ্চ সতর্ক থাকার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্যরা অভিযোগ করেন, যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত ও বিএনপির নেতারা কারাগার থেকে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস দিয়ে তারা নিজেদের দলসহ বাইরের অন্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। আর এ ঘটনায় সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। কমিটির সদস্য মো. সফিকুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, কমিটির সভাপতি নিজেই যুদ্ধাপরাধীদের এসএমএস’র মাধ্যমে যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। পরে কারা কর্তৃপক্ষ জানান, আটক কোন বন্দী মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন না। এমন কোন অভিযোগ তাদের কাছে নেই। এরপর কমিটির পক্ষ থেকে আটক যুদ্ধাপরাধীদের বিষয়ে আরো সতর্ক হওয়ার সুপারিশ করা হয়। তিনি আরো জানান, শাহবাগ গণজাগরণ মঞ্চ এলাকা থেকে মাঝে মাঝেই শিবিরকর্মী আটকের খবর পাওয়া যাচ্ছে। আমরা পুলিশকে ওই এলাকার নিরাপত্তা আরো জোরদার করতে বলেছি। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণজাগরণ চত্বরে অংশগ্রহণকারীদের নিরাপত্তা জোরদারের সুপারিশ করতে বলা হয়েছে। কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, মো. মুজিবুল হক চুন্নু, মো. হাবিবর রহমান, বেগম সানজিদা খানম ও মো. সফিকুল ইসলাম অংশগ্রহণ করেন।