রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট ও পল্টন এলাকায় খেলাফত মজলিশসহ ইসলামী সমমনা ১২ দলের ঝটিকা মিছিলের সময় পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়ে। পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা পল্টন, নয়া পল্টনসহ বিভিন্ন এলাকায় ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশ জানায়, বিকেলে খেলাফত মজলিশসহ ইসলামী সমমনা ১২ দলের সদস্যরা বায়তুল মোকাররম মসজিদের উত্তর পার্শ্বে জড়ো হয়। তারা কৌশলে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। তারা পুলিশের বাধা উপেক্ষা করে বের হলে পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে। ঘটনার সময় পুলিশ ১৫ রাউন্ড গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ধাওয়া করে ৮ জনকে গ্রেফতার করে।
