জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর আমীর আতাউর রহমানকে (৫৭) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের প্রতিবাদে আজ রাজশাহী বিভাগের ৮ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০টি বোমা ও ১২টি জিহাদি বই উদ্ধার করেছে। র্যাব জানিয়েছে, গত সোমবার রাজশাহীতে ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে জামায়াত-শিবিরের হামলার নেতৃত্ব দিয়েছিলেন আতাউর রহমান।
র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক লে.কর্নেল জিয়াউল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে রাজশাহীতে জামায়াতে ইসলামীর হামলার পর আতাউর রহমান ঢাকায় আত্মগোপন করবেন। মঙ্গলবার সকালে তিনি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বাসটি কল্যাণপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে র্যাব-৪ এর একটি টিম তাকে গ্রেফতার করে। তার লাগেজ তল্লাশি করে সেখান থেকে ২০টি বোমা ও ১২টি জিহাদি বই উদ্ধার করে।
এদিকে রাজশাহী অফিস জানায়, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার আমীর ও কেন্দ ীয় কর্মপরিষদ সদস্য আতাউর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে আজ রাজশাহী বিভাগের ৮ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। দলটির রাজশাহী বিভাগের সকল জেলা আমীরের সিদ্ধান্তের আলোকে এই হরতাল আহ্বান করা হয়েছে বলে দলের ই-মেইল থেকে বিভাগীয় টিম সদস্য অধ্যাপক রফিকুল ইসলামের নামে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
