নাগাল্যাণ্ডের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, বিপুল অর্থ ও অস্ত্র উদ্ধার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ইমকং এল. ইমচেনকে বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্রসহ আটকের পর গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন। গত সোমবার তার নির্বাচনী এলাকা মোকোকচাং জেলার করিডাঙ্গায় যাওয়ার পথে আসাম রাইফেল তাকে আটক করে জেলা প্রশাসন ও পুলিশের কাছে হস্তান্তর করে। খবর এনডিটিভির। ইমচেনের গাড়ি থেকে এক কোটি ১০ লাখ রুপি, ৭টি অস্ত্র, গুলি ও মদ উদ্ধার করা হয়। আগামী ২৩ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন। ইমচেন নাগাল্যান্ড পিপলস ফ্রন্টের প্রার্থী। মোকোকচাং জেলায় এই দলের ১০ জন প্রার্থী রয়েছেন। এখানে দলের প্রচারের নেতৃত্ব দিচ্ছেন ইমচেন। পদত্যাগ পত্রে তিনি বলেন, নৈতিক কারণে তিনি পদত্যাগ করেছেন। তিনি কোন বেআইনি কাজ করেননি। এ ঘটনার পর বিরোধী দল কংগ্রেস তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে। বিধানসভা নির্বাচনে প্রার্থীদের অনিয়ম রোধে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। গত শনিবার নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দল ইমচেনের দলের এক প্রার্থীর এক কোটি রুপি উদ্ধার করে একটি হেলিকপ্টার থেকে।