জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চট্টগ্রামের জামালখান সড়ক ও প্রেসক্লাব চত্বরে গণজাগরণে সমবেত তরুণ প্রজন্মের সাথে বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দের সংহতি প্রকাশ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে স্কুল-কলেজের ছাত্রীদের গণজাগরণ মঞ্চের সমাবেশে এসে একাত্মতা প্রকাশ করেন বিশিষ্ট নারী নেত্রী নূরজাহান খান।
চট্টগ্রামে এই গণজাগরণ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা সাংবাদিক হাসান ফেরদৌস জানান, ঢাকার শাহবাগ চত্বরের মতো চট্টগ্রামের জামালখান চত্বরেও রাজাকারদের ফাঁসির দাবিতে উত্তাল তারুণ্যের ঘুম নেই।
চট্টগ্রামে গণজাগরণের অন্যতম উদ্যোক্তা, মিন্টু চৌধুরী ইত্তেফাককে জানান, ঢাকার কর্মসূচির সাথে সমন্বয় রেখে চট্টগ্রামের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সে অনুসারে বুধবার বিকালে একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি লেখা চিঠি সম্বলিত বেলুন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের স্মারক হিসাবে আকাশে উড়ানো হবে। এছাড়া মহান একুশে ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ ও শহীদ মিনারে সকল দেশপ্রেমিক মানুষের সাথে তরুণ প্রজন্মের কর্মসূচি প্রণয়নের কাজ চলছে।
