প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে সাগর, ইতিমধ্যে ৩১টি গ্রাম প্লাবিত

আপডেট : ০৪ মে ২০১৯, ০২:৫৬

সাগর প্রচণ্ড উত্তাল উঠেছে। সাগরের পানি পাঁচ-ছয় ফুট উচ্চতায় উপকূলে আঁচড়ে পড়ছে। ইতিমধ্যে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, কৈয়ারবিল, উত্তরধুরুং, লেমশিখালী ও বড়ঘোপ ইউনিয়নের ২২টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের কয়েক শ পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে।

মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নেও ৯টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের দেড় শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। জোয়ারের চাপ বৃদ্ধি পেলে নতুন করে আরও কিছু গ্রাম প্লাবিত হতে পারে বলে কক্সবাজার জেলা প্রশাসক অফিস সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, রাত পর্যন্ত কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, টেকনাফসহ বিভিন্ন উপকূলের শতাধিক আশ্রয়কেন্দ্রে ৫৬ হাজারের বেশি ঝুঁকিপূর্ণ লোকজনকে সরিয়ে আনা হয়েছে।

জানা গেছে, মহেশখালী ও কুতুবদিয়ায় ঝুঁকি সবচেয়ে বেশি। কিন্তু ওখানকার মানুষ সহজেই আশ্রয়কেন্দ্রে আসতে চায় না।তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তারা পুলিশের সহায়তায় জোর করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: ফণী বাংলাদেশ সীমানা থেকে আর মাত্র ১০০ কি.মি. দূরে

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল পর্যন্ত  ১৫টি দল ও রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অন্তত ১০ হাজার কর্মী মাঠে সক্রিয় রয়েছে।  তারা সব সময় পরিবহনসহ প্রস্তুত। প্রয়োজন দেখা দিলেই এসব এলাকায় এলাকায় গিয়ে লোকজনকে প্রয়োজনে জোর করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসবে। 

ইত্তেফাক/নূহু