আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৬
গত ১৭ ফেব্রুয়ারি, বাংলাদেশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিদেশে উচ্চশিক্ষা ও ভর্তি বিষয়ক আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মশালায় কানাডার ইউনিভার্সিটি অব উইনডসর-এর এডুকেশন ডাইরেক্টর ক্রিস বুশচকে আমন্ত্রণ জানানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘আশা’, ‘বিআইটি’, ‘আইউবিএটি’, ‘আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি’-এর ভাইস চ্যান্সেলরগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় বাংলাদেশের সাথে কানাডার উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তি ও আনুষাঙ্গিক সকল বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়। এ উপলক্ষে ধানমন্ডির এক রেস্তোরায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে জাতীয় পত্রিকাগুলোর সম্পাদকগণও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় ও ভর্তির নানা দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রিস বুশচ। বাংলাদেশের শিক্ষার্থীরা মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে কীভাবে তাদের যোগ্যতাকে তুলে ধরবেন, কীভাবে ভর্তির জন্য আবেদন করতে হবে এবং বাংলাদেশ ও কানাডার মধ্যে আন্ডারগ্র্যজুয়েট লেভেল থেকে মাস্টার্স প্রোগ্রাম পর্যন্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা কীভাবে সুফল পেতে পারে, এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডেলিগেটকে আমন্ত্রণ জানানো হয় আমাদের দেশের শিক্ষার্থীদের ভবিষ্যত সুশিক্ষার পথকে সুগম করার জন্য এবং তাদের নিজ ক্যারিয়ারকে যোগ্যতার আলোকে সুগঠিত করার জন্য। আমাদের দেশের শিক্ষার্থীরা আরও বেশি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ পাক, বাংলাদেশ ও কানাডার মধ্যে আরও বেশি উচ্চশিক্ষার প্রসার ঘটুক, আমাদের দেশের শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হোক, এমন প্রত্যাশা নিয়েই সাংবাদিক সম্মেলন শেষ করা হয়।