রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর জামাই পাগলের মাজার গেট এলাকায় বাস- ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের কালু গাজীর ছেলে আব্দুল গফফার (৫০), পাটকেলঘাট উপজেলার নগরঘাট গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী আছমা আক্তার ডলি (৩৫), সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামের কোরবান আলীর ছেলে রওশন আলী (৫০) ও একই উপজেলার রাজারবাগান গ্রামের আলামিনের স্ত্রী শারমিন সুলতানা (২০)।
আরো পড়ুন : বাংলাদেশে আঘাত হেনেছে ফণী, ৫ জনের মৃত্যু
ঘটনাস্থল ঘুরে জানা গেছে, সাতক্ষীরা থেকে ঢাকাগামী গ্রীন বাংলা যাত্রীবাহী পরিবহন বাস ও মাইক্রোবাসটি রাজবাড়ী জেলা শহর হয়ে যমুনা সেতু দিয়ে পাড়ের উদ্দেশে যাচ্ছিল। এ সময় গোয়ালন্দ মোড়গামী একটি মাছ বোঝাই ট্রাকের সঙ্গে গ্রিন বাংলা বাসের সংঘর্ষ ঘটে। এতে করে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের বাম পাশের খাদে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাইক্রোবাস।
ইত্তেফাক/ইউবি
