আব্দুলপুর সরকারি কলেজে ২২ শিক্ষকের পদ শূন্য

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজে ২২ জন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। ব্যবস্থাপনা এবং ইসলামের ইতিহাস বিভাগ চলছে কোন শিক্ষক ছাড়াই। বাংলা বিষয়ে অনার্স কোর্স চালু থাকলেও শিক্ষক আছেন মাত্র ২ জন, ইংরেজী বিভাগে তিনজন শিক্ষকের পদ থাকলেও আছেন মাত্র একজন। ফলে কলেজটির শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কলেজটিতে এইচএসসি ও স্নাতক শ্রেণিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ এবং বাংলা বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে মোট ১২ শতাধিক শিক্ষার্থী রয়েছে। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়া মোট ৪৩টি পদের ১ জন সহযোগী অধ্যাপক, ৮ জন সহকারী অধ্যাপক এবং ১৩ জন প্রভাষকের পদ শূন্য রয়েছে। ব্যবস্থাপনা বিভাগের একমাত্র শিক্ষক ২০১১ সালের ১০ ডিসেম্বর অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকে ১ বছর ধরে কোন শিক্ষক নেই। একই কারণে গত বছর ১২ আগষ্ট ইসলামের ইতিহাস বিভাগ শিক্ষক শূন্য হয়। এছাড়া ৬ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। আব্দুলপুর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সাদেক আলী মিয়া ইত্তেফাককে জানান, ইসলামের ইতিহাস বিভাগে একজন খন্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান চলছে। ব্যবস্থাপনা ও ইংরেজী বিষয়ের জন্য তাও পাওয়া যাচ্ছে না। শিক্ষক সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।