সাতকানিয়ার স্কুলে জামায়াত-শিবিরের ‘সুপার-গ্লু সন্ত্রাস’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কয়েকটি উচ্চ বিদ্যালয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অফিস ও শ্রেণিকক্ষের দরজায় লাগানো তালায় সুপার গ্লু জাতীয় আঠা লাগিয়ে দেয়। ফলে ওই সকল বিদ্যালয়ে পাঠদান ও দাপ্তারিক কাজে বিঘ্ন ঘটে। সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, শ্রেণি কার্যক্রম শুরুর আগে দপ্তরি অফিস এবং শ্রেণিকক্ষের তালা খুলতে গিয়ে দেখতে পান প্রত্যেক দরজার তালার মধ্যে সুপার গ্লু দিয়ে চাবি প্রবেশের স্থান আটকে দেয়া হয়েছে। সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল বলেন, আমাদের বিদ্যালয়ের পাশের মসজিদে আজকে বার্ষিক মাহফিল। মাহফিল উপলক্ষে প্রতি বছর বিদ্যালয় বন্ধ থাকে। আজকে বন্ধের দিনেও হরতাল পালনকারীরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষের তালায় সুপার গ্লু দিয়ে নষ্ট করে দিয়েছে। মির্জাখীল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রওশন আলী জানান, দপ্তরির মাধ্যমে সুপার গ্লু লাগানো তালা ভেঙে আমরা প্রথম ঘণ্টার ক্লাস শেষ করার পূর্বেই একদল শিবিরকর্মী লাঠিসোঁটা হাতে বিদ্যালয়ে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করে। তারা নিজেরাই ছুটির ঘণ্টা বাজিয়ে ছাত্র-ছাত্রীদের জোর করে শ্রেণিকক্ষ থেকে বের করে দিয়েছে।