শতবর্ষী পুকুর ভরাটের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী প্রাচীন একটি বড় পুকুর ভরাটের প্রতিবাদে গত মঙ্গলবার বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা পুকুরপাড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। বিদ্যালয় চত্বরের মধ্যে বিরাট খেলার মাঠের পাশে অবস্থিত এ পুকুরের পানি ছাত্র, শিক্ষক ও স্থানীয়রা ব্যবহার করে থাকেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, শহরের কোথাও আগুন লাগলেও দমকল বাহিনী এ পুকুর থেকে পানি ব্যবহার করে। সিডর উত্তর পৌর সরবরাহ ব্যবস্থা কিছুদিন বন্ধ থাকলে খাবার পানির উত্স হিসাবে এ পুকুরটি ব্যবহার করা হয়। পাশাপাশি পুকুরটি ঐতিহ্যমণ্ডিত ও সৌন্দর্য বর্ধনকারী হিসাবে শহরবাসী ও ছাত্রদের অহংকার। প্রাক্তন ছাত্র সিদ্ধার্থ মজুমদার বলেন, বেআইনী এ ভরাটের বিরুদ্ধে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ এবং প্রয়োজনে মামলা করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা রানী রায় বলেন, শিক্ষা বিভাগ বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই জেলা প্রশাসন পুকুরটি ভরাট করছেন। জেলা প্রশাসক অমল চন্দ দাস বলেন, জরুরি প্রয়োজনে পুকুরটি ভরাট করা হচ্ছে। তবে স্থানীয় মানুষের পানির চাহিদা পূরণের জন্য পার্শ্ববর্তী স্কুল হোস্টেল চত্বরের আরেকটি পুকুর অচিরেই সংস্কার করা হবে।