বোঝাপড়া করতে খালেদা সিঙ্গাপুরে

আরেকটি ভয়ংকর হত্যাকাণ্ডের রূপরেখা করছে বিএনপি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে আরেকটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের রূপরেখা তৈরি করছে বিএনপি। এজন্য দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রের তথ্য প্রমাণ আমার হাতে আছে। শিগগিরই সব সত্য উদ্ঘাটন করা হবে। গতকাল বুধবার বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। আশরাফের এ বক্তৃতার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সৈয়দ আশরাফ আরও বলেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া চিকিত্সার জন্য সিঙ্গাপুরে যেতে পারেন। সেখানে চিকিত্সা উন্নতমানের। তবে তিনি (খালেদা) শুধু চিকিত্সার জন্য সিঙ্গাপুর যাননি। একটি বিশেষ শক্তিশালী দেশের সঙ্গে বোঝাপড়া করার জন্য সিঙ্গাপুর গেছেন। কিভাবে আগামীতে ক্ষমতায় আসা যায়, কি করলে তারা ক্ষমতায় বসাবে এ বোঝাপড়ার জন্যই তিনি এ সফরে গেছেন। এ সংক্রান্ত প্রমাণও তার হাতে রয়েছে বলে দাবি করে আশরাফ বলেন, খালেদা জিয়া দেশে ফিরে এলেই সকল তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে। সৈয়দ আশরাফ বলেন, সেখান থেকে খালেদা জিয়া লন্ডন আসবেন। কিন্তু এ কথা প্রকাশ করেননি তিনি বা তার দল। সেখানে আসতে পারেন খালেদা। কারণ তার ছেলে সেখানে বসবাস করছেন। কিন্তু আমি জানি সেটাও তার মূল কারণ নয়। তার অন্যতম কারণ সেখানে আরো একটি শক্তিশালী দেশের সরকারের সঙ্গে বোঝাপড়া করবেন তিনি। সৈয়দ আশরাফ বলেন, হত্যা, খুন, ষড়যন্ত্র ও রক্তপাত ছাড়া বিএনপি কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না। শাহবাগের গণজোয়ার নিয়ে আশরাফ বলেন, দেশের প্রতিটি জেলা উপজেলা এখন শাহবাগ। দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে দাবি করে তিনি বলেন, আজকে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে দেশবাসীর জন্য এটি একটি অর্জন। তিনি বলেন, এখন জয়বাংলা শ্লোগান আওয়ামী লীগের একার নয়। তরুণ প্রজন্ম তা দেখিয়ে দিয়েছে।