সরকার ক্ষমতার গরমে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে : ফখরুল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৩
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই বিরোধীদের সমালোচনা সহ্য করতে পারে না। তারা সরকারি ক্ষমতার গরমে একেবারে কাণ্ডজ্ঞানশূন্য হয়ে পড়েছে। বিরোধী মত ও বিরোধী দল নিশ্চিহ্ন করার যাবতীয় পরিকল্পনা ও কার্যক্রমে তাদের দেশ শাসনের মেয়াদকাল শেষ হয়ে যায়। সে কারণে দেশের ও দশের উন্নয়নে তারা কোন অবদান রাখতে পারে না। প্রতিহিংসা ও প্রতিশোধ আওয়ামী শাসনের একমাত্র অবলম্বন। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার বলায় কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম-এর নামে মানহানির মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের শিক্ষাবিদ, বরেণ্য আইনজীবী, সাংবাদিকসহ গুণীজনদের অপমান করতে বিন্দুমাত্র বিচলিত হয় না। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, নিজেদের আচরণ সংশোধন করুন, অন্যথায় প্রতিটি আঘাতের পাল্টা আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকুন।