ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় গাছ উপড়ে ঘরের উপর পড়লে বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে একই পরিবারের দাদী ও নাতির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পরিবারের তিন সদস্য। শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার বলেশ্বর নদীর তীরে দক্ষিণচরদোয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, জেলে আব্দুল বারেক ওরফে বাদা বারেকের স্ত্রী নুরজাহান বেগম (৫৫) ও নাতি জাহিদুল (১৩)। ইব্রাহিমের ছেলে জাহিদুল স্থানীয় খলিফার হাট বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: ফণীর প্রভাবে ঢাকায় ভারি বৃষ্টি হবে
চরদোয়ানী বাজারের মৎস্য ব্যবসায়ি আলাউদ্দিন ইত্তেফাককে জানান, ঝড়ের মধ্যে পরিবারের সকল সদস্যই টিনের ছাউনির ঘরে অবস্থান করছিলেন। কাছাকাছি একটি মাত্র সাইক্লোন শেল্টার থাকায় সেখানে জায়গা না পেয়ে তারা নিজ বাড়িতেই দুর্যোগকালে অবস্থান করছিলেন। ভোর রাত তিনটার দিকে ঝড়ের তাণ্ডবে ঘরের পাশে থাকা একটি বড় শিরিষ গাছ (রেইনট্রি) ঘরের উপরে ভেঙ্গে পড়লে এ দুর্ঘটনা ঘটে। মৃতদের শনিবার সকাল ১১টায় জানাযার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
