যুক্তরাষ্ট্রের এক সিনেটর বলেছেন, মার্কিন ড্রোন হামলায় বেসামরিক লোকসহ আনুমানিক ৪ হাজার ৭০০ লোক নিহত হয়েছে। বুধবার স্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই প্রথমবারের মতো কোন আইনপ্রণেতা বা সরকারি প্রতিনিধি ড্রোন হামলায় নিহতদের সর্বমোট সংখ্যার কথা বললেন। ড্রোন হামলাকে বিচার বহির্ভূত হত্যা হিসেবে আখ্যায়িত করে মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র নিন্দা জানিয়েছে।
মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে এই অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করায় পাকিস্তান ও ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন স্থানে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের লক্ষ্য করে ড্রোন বিমান থেকে নিক্ষিপ্ত কয়েকশ ক্ষেপণাস্ত্রে এ পর্যন্ত কতজন লোক নিহত হয়েছে সে ব্যাপারটি রহস্যই থেকে গেছে। তবে ড্রোন হামলার কট্টর সমর্থক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম খোলাখুলি এই অভিযানে নিহতের সংখ্যা উলে¬খ করলেন, যা পূর্ববর্তী বেশ কয়েকটি অনুমানকেও ছাড়িয়ে গেছে। দক্ষিণ ক্যারোলিনার ইসলি শহরের স্থানীয় ওয়েবসাইট ভিত্তিক গণমাধ্যম গ্রাহামের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘আমরা ড্রোন হামলা চালিয়ে ৪ হাজার ৭০০ জনকে হত্যা করেছি।’ তিনি ইসলি রোটারি ক্লাবকে বলেন, ‘কখনো কখনো আপনারা নিরপরাধ লোককে আঘাত করেন এবং আমি তা ঘৃণা করি। কিন্তু আমরা একটি যুদ্ধে লিপ্ত রয়েছি এবং আমরা ড্রোন হামলা চালিয়ে আল-কায়েদার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন সদস্যদের হত্যা করেছি।’ গ্রাহামের অফিস থেকে এই প্রতিবেদনের বিরোধিতা না করে জানানো হয়েছে যে, তিনি কোন সরকারি গোপন তথ্য ফাঁস করেননি।
বেশ কয়েকটি সংগঠন ২০০৪ সাল থেকে শুরু হওয়া মার্কিন ড্রোন হামলায় নিহত জঙ্গি ও বেসামরিক লোকের সংখ্যা নির্ণয়ে চেষ্টা চালিয়ে আসছে।
