জামালপুরে বন্যার ক্ষতি পোষাতে চরাঞ্চলে ভুট্টার আবাদ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
যমুনা ও ব্রহ্মপুত্র নদীবিধৌত অঞ্চল জামালপুরের ৬৮টি ইউনিয়নের মধ্যে ৩২টি ইউনিয়নে ৩০ হাজার হেক্টর জমির রোপা আমন ফসল বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। ওইসব রোপা আমন ফসলের ক্ষতি পুষিয়ে নিতে চাষিরা ক্ষেতে ভুট্টার চাষ করেছেন। চরাঞ্চলের মানুষ ভুট্টা চাষ করে বন্যার ক্ষতি পুষিয়ে নেয়ার আশায় এখন কোমর বেঁধে মাঠে নেমেছেন। সরেজমিন ঘুরে দেখা গেছে, বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলা সমূহের অধিকাংশ রোপা আমন ফসলের মাঠে অন্যান্য বছরের তুলনায় এ বছর ভুট্টার আবাদ হয়েছে বেশি। অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি, চুকাইবাড়ি, পাররামরামপুর ও ইসলামপুর উপজেলার পাথর্শী, বেলগাছা, কুলকান্দি ও সাপধরী যমুনার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত রোপা আমন ক্ষেতে ভুট্টা চাষ করে বন্যার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য কৃষক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বর্তমানে শত শত একর জমিতে শোভা পাচ্ছে ভুট্টার চাষ। ওইসব মাঠে কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চাষিরা তাদের ফসলের পরিচর্যায় ব্যস্ত থাকেন। উর্বর পলি মাটি মিশ্রিত ক্ষেতে ভুট্টা চাষ ভাল হয়। তাই এ বছর জামালপুরের সর্বত্রই ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা। জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় ৫ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।