মাগুরায় চলছে তুলা সংগ্রহের মৌসুম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
মাগুরার কৃষকরা বর্তমানে জমি থেকে পাকা তুলা তুলতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন জমিতে লাগানো তুলা বর্তমানে পেকে গেছে। এ বছর মাগুরা জেলায় ৯৮০ হেক্টর জমিতে তুলাচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৭৭৭ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার শতকরা ৮০ ভাগ জমিতে তুলাচাষ হয়েছে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার টন তুলা। বাজারে বর্তমানে ৪০ কেজি প্রতিমণ তুলা বিক্রি হচ্ছে ২২শ থেকে ২৪শ টাকায়। জেলার চারটি উপজেলার মধ্যে সদর এবং শ্রীপুর উপজেলায় সবথেকে বেশি তুলা চাষ হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকে ক্ষেতে তুলা পাকতে শুরু করে এবং তুলা উত্তোলন চলে মার্চের মাঝামাঝি পর্যন্ত। বিভিন্ন ক্ষেতে তুলা পেকে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। তুলা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়েছে বলে তুলা উন্নয়ন কর্মকর্তারা জানান।