কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ের রামপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে কভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে ২য় পর্যায়ে মেরামতের কাজ চলমান থাকায় ঐ সড়কে সকলপ্রকার যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে বিকল্প সড়ক দিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে ঢাকা ও চট্টগ্রাম অভিমুখী যানবাহন চলাচল করছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে জেলার বুড়িচং উপজেলার রামপুর এলাকায় কভার্ডভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়দিকে যানবাহন আটকে পড়ায় মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি থেকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ পর্যন্ত কমপক্ষে ২৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত কভার্ডভ্যান ও ট্রাক রেকারের মাধ্যমে অপসারণ করে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় যানজটে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দুপুরে অপসারণ কাজ সম্পন্ন হলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ মহাসড়কে যানজট রয়েছে বলে জানা গেছে।
