আখাউড়া সীমান্তে নোম্যান্স ল্যান্ডে মাতৃভাষা দিবস পালন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৮
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এবার এপার বাংলা-ওপার বাংলার হাজার হাজার ভাষা প্রেমীর মিলন মেলা বসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের ভারত-বাংলাদেশ নো-ম্যানস ল্যান্ড এলাকায়। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে দুই দেশের চেকপোস্টকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। ত্রিপুরা রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর রাজ্যের পত্রিকা আজকের ফরিয়াদ, প্রাইম ফোকাস, বাংলাদেশের সাহিত্য একাডেমী, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন, উদীচী শিল্পী গোষ্ঠী, শিল্পকলা একাডেমী, প্রজন্ম চত্বর, সীমান্ত সাংস্কৃতিক পরিষদ যৌথভাবে এ মিলন মেলার আয়োজন করে। সকাল নয়টায় চেকপোস্টে নির্মিত অস্থায়ী শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, ত্রিপুরার তথ্য, সংস্কৃতি ও উচ্চ শিক্ষা মন্ত্রী অনিল সরকার, ত্রিপুরা রাজ্যের বিধায়ক পবিত্র কর, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু দাস। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ও ভারত-বাংলাদেশ সংসদীয় মৈত্রী কমিটির সাধারণ সম্পাদক র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ। পরে আগরতলার জেলা সাংস্কৃতিক কর্মকর্তা উত্তম চক্রবর্তী ও ত্রিপুরার বিশিষ্ট কবি এবং লেখিকা কাকলী গাঙ্গুলীর সঞ্চালনায় আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।