সৈয়দ আশরাফের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবর্জিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২০
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রাজনৈতিক শিষ্টাচারবর্জিত কথা বলেছেন। তার বক্তব্য পুরোপুরি মিথ্যা। বিরোধী দলীয় নেতা অত্যন্ত অসুস্থ বলেই চিকিত্সার জন্য সিঙ্গাপুর গেছেন। দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে চলমান সংগ্রামে অংশ নেবেন। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে আশরাফের বক্তব্যের সমালোচনা করে ফখরুল এই কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, দেশে আজ গণতন্ত্র হারিয়ে যেতে বসেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হচ্ছে। এরকম অবস্থায় আজ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের দীপ্ত শপথ নিতে হবে। যুদ্ধাপরাধীর বিচার সম্পর্কে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন সময়ে এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা যুদ্ধাপরাধীর বিচারের পক্ষে। তবে সেই বিচার অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হতে হবে।