কোহিনূর হীরা ফেরত দেয়া হবে না: ক্যামেরন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৩
ঔপনিবেশিক সময়ে ভারত থেকে নেয়া কোহিনূর হীরাটি ফেরত দেয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ১০৫ ক্যারেট ওজনের কোহিনূর হীরাটি ফেরত দেয়া হবে না। হীরাটি বর্তমানে টাওয়ার অব লন্ডনে রাখা আছে। আগে এটি রানি এলিজাবেথের মুকুটে ছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। বিশ্বের বড় হীরাগুলোর মধ্যে অন্যতম হলো কোহিনূর। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নাতিসহ ভারতের অনেক ব্যক্তিত্ব বিভিন্ন সময় এই হীরাটি ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। এ বিষয়ে ক্যামেরন বলেন, এটা ফিরিয়ে দেয়া ঠিক হবে বলে আমি মনে করি না। অতীতের চেয়ে বর্তমানকেই বেশি গুরুত্ব দেয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। কোহিনূর হীরা ফেরত চাওয়ার বিষয়টি গ্রিসের এলগিন মার্বেলস ভাস্কর্য ফেরত চাওয়ার মতো। গ্রিস অনেক দিন ধরেই এই ভাস্কর্যটি ফেরত চাইছিল। তবে এ ব্যাপারে যুক্তরাজ্যের জাদুঘর কর্তৃপক্ষের ভাষ্য, তারা এসব ভাস্কর্য ও স্থাপত্যের রক্ষণাবেক্ষণ যথাযথভাবে করছেন, যাতে করে সারা বিশ্বের মানুষ এগুলো দেখতে পারে। উল্লেখ্য, ১৮৫০ সালে ভারতে নিযুক্ত তত্কালীন ব্রিটিশ গভর্নর জেনারেল রানি ভিক্টোরিয়াকে হীরাটি দেন। ১৯৯৭ সালে ভারতের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের সময় রানি দ্বিতীয় এলিজাবেথ সফরে আসেন। সে সময়ও কোহিনূরটি ফেরত চেয়েছিলো ভারতীয়রা।