চরকাউয়া-লাহারহাট সড়কের দিনারের পুল এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। বেলা ১১টায় লাহারহাট থেকে চরকাউয়া যাওয়ার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয়। নিহতরা হচ্ছেন কলেজ ছাত্র মেজর (১৮), মনির (২৭), আবদুল জলিল (৩০), হারুনর রশিদ (৪৫) ও অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ। আহতদের আশংকাজনক অবস্থায় শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিত বাস ও অপর একটি বাসে অগ্নিসংযোগ করে। ভাংচুর করা হয় ৫টি ট্রাক ও ৩টি টেম্পো। বিক্ষুব্ধরা এসময় পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ফায়ার সার্ভিস কর্মীদের লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে তাড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত বাসযাত্রীরা জানায়, লাহারহাট থেকে প্রায় ৭০ যাত্রী নিয়ে আরমানিয়া পরিবহনের বাসটি চরকাউয়ার উদ্দেশে রওনা হয়। দিনারের পোল এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। দুর্ঘটনার পর মানুষ বরিশাল-ভোলা সড়কে অবস্থান নিয়ে সকল প্রকার যানচলাচল বন্ধ করে দেয়। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বরিশালের সাথে ভোলাসহ ৬টি রুটের বাস চলাচল বন্ধ ছিল। জেলা প্রশাসক শহীদুল আলম নিহতের পরিবার প্রতি ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আশ্বাস দিলে স্থানীয়রা বেলা ৩টার পর ৫টি রুটে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেন। তবে বরিশাল-ভোলা রুটে যানবাহন চলাচল বন্ধ ছিল। সিটি মেয়র শওকত হোসেন হিরন এবং সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার জন্য দোষী ব্যক্তিদের শাস্তি প্রদানের আশ্বাস দেন। নৌবন্দর থানার ওসি রেজাউল ইসলাম ইত্তেফাককে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। জেলা প্রশাসক শহীদুল আলম ইত্তেফাককে জানান, সাধারণ বিক্ষুব্ধ জনতার পাশাপাশি কিছু সুবিধাবাদী উচ্ছৃংখল মানুষ পরিস্থিতি ঘোলাটে করছে।
গোদাগাড়ীতে নিহত ৩
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা জানান, রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে গোদাগাড়ী-আমনুরা সড়কের বিশ্বনাথপুর নামকস্থানে ঢাকাগামী যাত্রীবাহী বাস সামনে থেকে আমনুরাগামী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহতরা হচ্ছেন গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের দুধাই লাইনপাড়া গ্রামের আতাউল্লাহর ছেলে সোহেল (৩২), রইসুদ্দীনের ছেলে জালাল (৩৫) ও আব্দুল হাকিমের ছেলে জহুরুল (২৫)। সোহেলের ছোট ভাইয়ের বিয়ের দাওয়াত দিতে তিনজন মোটরসাইকেলে আমনুরা যাচ্ছিলেন বলে তাদের পরিবার জানায়। গোদাগাড়ী পুলিশ বাস চালক ইব্রাহিমকে আটক করে। গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।
গাইবান্ধায় নিহত ২
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলা সদরের অদূরে দোকানঘর নামক এলাকায় গতকাল বৃহস্পতিবার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোকসুদুল ইসলাম (৪৫) ও মশিউর রহমান (৪৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোকসুদুলের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ঝাউলার বাজার ও মশিউরের বাড়ি পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামে। পলাশবাড়ী থানার ওসি আব্দুস সাত্তার জানান, ঐ এলাকায় গাইবান্ধা থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মোকসুদুল ইসলাম এবং গুরুতর অবস্থায় মশিউর রহমানকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। পুলিশ বাসটি আটক করেছে।
কলারোয়ায় শ্রমিক নিহত
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রলি চাপায় এক মাটি কাটা শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার ঝাপাঘাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আছির উদ্দীন (৪০)। তিনি কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের হামেজ উদ্দীনের ছেলে।
সিংড়ায় ব্যবসায়ী নিহত
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, সিংড়ায় সড়ক দুর্ঘটনায় এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাতে ট্রাকে আলু নিয়ে বগুড়া থেকে সিংড়া আসার পথে চৌগ্রাম নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে তিনি নিহত হন। নিহত সিরাজ (৪৫) উপজেলার উত্তর দমদমা মহল্লার মৃত কুতুবউদ্দিনের ছেলে। সিংড়া থানায় ইউডি মামলা হয়েছে।
নান্দাইলে নিহত ১
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের পাছপাড়া এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমন চাপায় হাসেন আলী ফকির (৬৫) নামে একজন নিহত হয়েছেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের নতুন মসজিদ পাছপাড়া এলাকায় বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
রামুতে যুবক নিহত
রামু (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের রামুতে স্কুল ছাত্রকে চাপা দেয়া মাইক্রোবাসকে ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী যুবক। পৃথক দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। বৃহস্পতিবার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মাদ্রাসা গেট ও রাবার বাগান মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে। নিহত যুবক নূরুল ইসলাম (২৮) রামুর চাকমারকুল ইউনিয়নের দক্ষিণ চাকমারকুল এলাকার মৃত মোঃ হাসানের ছেলে। আহতরা হলেন জোয়ারিনালা ইউনিয়নের গর্জনিয়াপাড়ার শফি আলম, পূর্ব জোয়ারিয়ানালার রায়হান।
