মিঠাপুকুরে মাদক ব্যবসা রমরমা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৩
মিঠাপুকুর উপজেলা সদরের আশপাশের গ্রামগুলো ছাড়াও বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় চলছে রমরমা মাদক ব্যবসা। উপজেলার শুকুরেরহাট, তালিমগঞ্জ, মোসলেম বাজার, রাণীপুকুর , শঠিবাড়ী, শাল্টিগোপালপুর, বালারহাট, দমদমা, বৈরাগীগঞ্জ, বলদিপুকুর গড়ের আবাসন, মমিনপুর, অভিরামসহ আশপাশের এলাকাগুলোতে চোলাইমদ, গাঁজা, ফেনসিডিল, হিরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের রমরমা ব্যবসা চলছে। এসব পয়েন্টে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবন এবং কেনা-বেচা। এমনকি প্রকাশ্য দিবালোকে মাদকসেবীদের মাতলামি ছাড়াও রাতের বেলা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে দেখা যায় তরুণ-তরুণীদের। স্থানীয়রা অভিযোগ করেন, বলদিপুকুর পশ্চিমগড় আবাসন এলাকায় অন্যান্য মাদকের পাশাপাশি হিরোইনের ব্যবসা চলছে দেদারসে। মমিনপুরের অনেক আদিবাসী নিজেদের বাড়িতে চোলাই মদ , গাঁজা ও তাড়ির ব্যবসা করছে প্রকাশ্যে। এ ব্যাপারে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, জনবল সংকটের কারণে তাদের পক্ষে সবসময় অভিযান চালানো সম্ভব হয় না।