হরিপুর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
স্থানীয় দলীয় কোন্দলের কারণে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগ হরিপুর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বলে সাংবাদিকদের জানিয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিনেও হরিপুর উপজেলা কাউন্সিল না হওয়ায় স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এতে ২২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলা আওয়ামী লীগ কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু উপজেলা আওয়ামী লীগ নেতারা দুই ভাগে বিভক্ত হওয়ায় রাতেই জেলা আওয়ামী লীগ উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন জানান, দীর্ঘদিন ধরে হরিপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল না হওয়ায় স্থানীয় নেতারা দুই ভাগে বিভক্ত ছিলেন। ২ বার কাউন্সিলের আহবান করা হলেও নেতারা ব্যর্থ হন। দলীয় কার্যক্রম ঠিক রাখার জন্য জেলা আওয়ামী লীগ উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস টগর কমিটি বিলুপ্তকরণের সত্যতা স্বীকার করেন।