কুড়িগ্রামের উলিপুরের চুন তৈরির কারিগরদের দুর্দিন চলছে। শামুক-ঝিনুকের অভাব ও প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে এ পেশা প্রায় ছেড়ে দিতে বসেছে যুগিরা। সরেজমিনে জেলার উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম যুগিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, যুগিরা অলস সময় কাটাচ্ছে। প্রকাশ, ১ মণ শামুক দিয়ে চুন তৈরি করতে খড়িসহ প্রায় ১৫শ থেকে ১৬শ টাকা খরচ হয়। বিক্রি হয় ২ হাজার টাকা থেকে ২ হাজার ২শ টাকা। সংসারের খরচ মেটাতে তাদের ধার-দেনা করে কোনরকমে দিন কাটাতে হচ্ছে। আর এই সামান্য আয়ে ছেলে-মেয়েদের লেখাপড়া করানোও কঠিন হয়ে পড়েছে। বর্তমানে খাল-বিল, নদী-নালায় ঝিনুক না পাওয়ায় লালমনিরহাট জেলার আদিতমারী, কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী এলাকা থেকে চড়া দামে শামুক-ঝিনুক সংগ্রহ করতে হচ্ছে। এ অবস্থায় তারা সকলেই এ পেশায় টিকে থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেন। তাই বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়ার কথা বলেন।
