আতঙ্কের মাঝেও বইপ্রেমীদের বাঁধভাঙ্গা স্রোত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২২
অমর একুশের বই মেলার শিশুপ্রহর ছোটদের জন্য বরাদ্দ হলেও গতকাল শুক্রবার বড়দের ভিড়ই ছিল বেশি। তবে গতকাল অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের সঙ্গীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। দুপুর পেরুতে না পেরুতেই পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা চালিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয় জামায়াত শিবিরের কর্মীরা। এ আতঙ্কের ভেতর দিয়ে বইমেলার শেষ শুক্রবারে ভিড় জমান বইপ্রেমীরা। দল বেঁধে ঘুরে বেড়ানোর পাশাপাশি আগত প্রায় প্রত্যেকেই ঘরে ফেরার পথে কিনেছেন নতুন বই। বাংলা একাডেমীর বিক্রি কমেছে ঃ গত বছরের বইমেলায় বিগত ৭ বছরের মধ্যে রেকর্ড বিক্রি হয়। বইমেলা সংশ্লি¬¬ষ্টরা জানান, ২০১১ সালে যেখানে প্রথম ২০ দিনে বাংলা একাডেমী ৫০ লাখ ৫৫ হাজার টাকার বই বিক্রি করেছিল, ২০১২ সালে সেখানে বিক্রির পরিমাণ ৫৩ লাখ ৭২ হাজার টাকা। এবারের মেলায় প্রথম ২১ দিনে বিক্রি হয়েছে ৪৭ লাখ ২১ হাজার ১৫৬ টাকা। তসলিমা নাসরিনের চারটি বইয়ের মোড়ক উন্মোচনঃ এবারের মেলাতে আগামী প্রকাশনী থেকে তসলিমা নাসরিনের নতুন একটি ও তিনটি সংস্করণ বই এসেছে। এগুলোর মধ্যে রয়েছে— ‘ব্রক্ষ্মপুত্রের পাড়ে’, ‘নারীর কোন দেশ নেই’, ‘নষ্ট মেয়ের নষ্ট গদ্য’ ও ‘যাবো না কেন যাবো’। শুক্রবার সন্ধ্যায় মেলার নজরুল মঞ্চে উন্মোচিত হয় বইগুলোর মোড়ক। প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বইগুলোর মোড়ক উন্মোচন করেন। নতুন বই একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, শুক্রবার মেলার ২২তম দিনের প্রকাশিত হয়েছে ১৬৮ টি নতুন বই। এর মধ্যে গল্প ২১টি, উপন্যাস ২০টি, প্রবন্ধ ১৫টি, কবিতা ৫৩টি, গবেষণা ২টি, ছড়া ১৩টি, শিশুতোষ ৫টি, জীবনী ২টি, রচনাবলী ২, মুক্তিযুদ্ধ ৪, নাটক ৩টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৩, রাজনীতি ১, চিকিত্সা/স্বাস্থ্য ৩, রম্য/ধাঁধা ৬টি, ধর্মীয় ১টি, অনুবাদ ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য বিষয়ের উপর প্রকাশিত হয়েছে ৯টি নতুন বই। এর মধ্যে অনিন্দ্য প্রকাশনী থেকে এসেছে দ্বিজেন শর্মা’র লেখা ‘প্রকৃতিসমগ্র-১, ও মঈনুল আহসান সাবের এর গল্পসমগ্র-১, বাকী চারটি খণ্ড দু’একদিনের মধ্যেই প্রকাশিত হবে। অনিন্দ্য প্রকাশনে থেকে এসেছে মোহাম্মদ হাননান এর ‘শত্রুর চোখে বঙ্গবন্ধু’, আগামী প্রকাশনী থেকে এসেছে রফিকুল হক দাদাভাই এর ছোটদের জন্যে লেখা ‘বর্গী এলো দেশে’, উত্স প্রকাশনী থেকে এসেছে নেয়ামত উল্যা ভুঁইয়া’র ভাষান্তর করা অস্কর ওয়াইল্ড ‘দি হ্যাপি প্রিন্স আদার টেইলস’, আ. ফ. ম. সাইদ এর লেখা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ‘ফ্যাক্টস অ্যান্ড উইটনেস’, আনজীর লিটন এর ‘ছড়া সমগ্র-২’, একুশে বাংলা থেকে প্রকাশিত হয়েছে, ফিরোজ মাহমুদ এর ‘তবে একা’ বইগুলি অন্যতম। গতকালের মেলামঞ্চ : শুক্রবার মেলামঞ্চে ছিল ‘স্বামী বিবেকানন্দ ও বাংলা সাহিত্য’ শীর্ষক সেমিনার। সন্ধ্যায় মামুনুর রশীদের পরিচালনায় নাট্যসংগঠন ‘আরণ্যক নাট্যদল’ এবং শুভাশীষ সিন্হার পরিচালনায় ‘মনিপুরী সাংস্কৃতিক সংগঠন’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।