১৪ দলের প্রতিবাদ সমাবেশ আজ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৫
আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল বলেছে, বিএনপির ইন্ধনে এবং খালেদা জিয়ার প্ররোচনায় ইসলামী সংগঠনের নামে জামায়াত-শিবির রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার অস্ত্র হাতে হামলা ও ভাংচুর চালিয়েছে। দেশব্যাপী এই সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার রাজধানীসহ সারা দেশের সব জেলা এবং উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১৪ দল। গতকাল শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের জরুরি সভায় নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে ব্রিফ্রিংয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জামায়াত-শিবিরের এ সহিংস ঘটনার বিপরীতে আমাদের প্রতিরোধই শুধু নয়, কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, জামায়াত নেতৃত্বাধীন ইসলামী দলগুলোর ডাকা আগামীকাল রবিবারের হরতাল অতীতের ন্যায় প্রত্যাখ্যান করার আহবান জানিয়েছেন ১৪ দলের নেতারা। পাশাপাশি গণজাগরণের ছয়দফা দাবির প্রতি ১৪ দল একাত্মতা পোষণ করেছে। তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, কতিপয় মহল মিছিল বের করার নামে মসজিদ ব্যবহার করে সন্ত্রাস করেছে। শহীদ মিনার ভাংচুর করেছে। পতাকা ছিড়েছে। উগ্রবাদী জামায়াতিরা সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে। যুদ্ধাপরাধের বিচার বন্ধের জন্যই তাদের এমন কার্যক্রম। তারা নিবৃত না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নূহ-উল-আলম লেনিন, জাসদের শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, ন্যাপের এনামুল হক, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, ডা. অসিত বরণ রায় প্রমুখ।