দেশের বিভিন্ন স্থানে কিছু নাস্তিক জড়ো হয়েছে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সাহেব সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, দেশের বিভিন্নস্থানে কিছু নাস্তিক জড়ো হয়েছে। নাস্তিকরা আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ কে (সা.) কটাক্ষ করে কোটি কোটি মুসলমানের মনে আঘাত দিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিজলা উপজেলায় আফসার উদ্দীন ফাজিল মাদ্রাসা মাঠে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত দলের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নাস্তিকরা ইসলামী হুকুম-আহকাম না নেমে বিদেশি প্রভু ও বর্তমান সরকারকে খুশি করতেই দেশব্যাপী মানুষকে ধোঁকা দিচ্ছে। তিনি আরো বলেন, অতীতে অনেক নাস্তিককে আল্লাহ ধ্বংস করেছে। বর্তমান নাস্তিকরা সরকারের তাবেদারী করে নিজেদের রক্ষা করতে পারবে না। তাদের পতন অনিবার্য হয়ে উঠেছে। পীর সাহেব বলেন, নাস্তিক ও মুরতাদদের দোসরদের বুঝতে হবে, এখনও বাংলার জমিনে রাসুল (সা.)-এর অনেক সৈনিক আছেন। আল্লাহ ও তার রাসুল এবং ইসলামকে নিয়ে কোন ষড়যন্ত্র বাংলার মুসলমান সহ্য করবে না। তা তাদের বুঝিয়ে দেয়ার কেবল প্রস্তুতি চলছে। বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে পীর সাহেব বলেন, সংবিধান থেকে বর্তমান সরকার আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়েছে। এখনও সময় আছে, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস লিপিবদ্ধ করুন। সভায় উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাস্টার খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা রাখেন—বরিশাল জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা কাওছার ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির আমির মাওলানা আবু বক্কর ছিদ্দিক হামিদী, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মজিবুর রহমান তালুকদার, মুলাদী উপজেলা নেতা এফ.এম মাইনুল ইসলাম, আফসার উদ্দিন, ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সুলতান মাহমুদ, ঢাকার ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ শাহে আলম মানিক, উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলীম ভুঁইয়া, সাবেক নেতা মুহাদ্দিস মোহাম্মদ উল্লাহ, মেমানিয়া ইউনিয়নের সভাপতি মুফতি হাবিবুর রহমান প্রমুখ।