শরণখোলায় ফণীর প্রভাবে দুই গ্রাম প্লাবিত

আপডেট : ০৪ মে ২০১৯, ১৭:২৪

শরণখোলায় শনিবার দুপুরে বলেশ্বর নদীর পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বেড়ে বগী ও দক্ষিণ সাউথখালী গ্রাম প্লাবিত হয়েছে। পাঁচ শতাধিক পরিবারের রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন। ঘূর্ণিঝড় ফণীর ছোবলে অনেক গাছপালা ভেঙ্গে পড়েছে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে ঘূর্ণিঝড় ফণী শরণখোলা উপজেলার উপর দিয়ে বইতে থাকে। ঝড় ও প্রবল বৃষ্টির দাপটে গাছপালা ভেঙ্গে পড়েছে। সাধারণ মানুষ সন্ধ্যা থেকেই সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে থাকেন।শরণখোলার ৮৬ টি সাইক্লোন শেল্টারে প্রায় ২০ হাজার লোক আশ্রয় নিয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়।শুক্রবার রাতে আশ্রয় শিবিরে প্রশাসনের তরফে শুকনো খাবার বিতরণ করা হয়।

সাউথখালী ইউনিয়ন পরিষদের বগী ওয়ার্ডের মেম্বার মো. রিয়াদুল পঞ্চায়েত জানান, ঘূর্ণিঝড় ফণী প্রভাবিত বলেশ্বর নদীর প্রবল জোয়ারের পানি ভাঙ্গা বেড়িবাধ দিয়ে প্রবেশ করে বগী ও দক্ষিণ সাউথখালী  গ্রামের বাড়িঘর প্লাবিত হয়েছে। 

আরও পড়ুন: পাওনা টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, ‌‘সাইক্লোন শেল্টারে আশ্রিতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’

ইত্তেফাক/কেকে