শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চ ছিল ইসলামপন্থি দলগুলোর লক্ষ্যস্থল। গতকাল জুমার নামাজের পর মত্স্যভবন, কাঁটাবন ও চানখারপুল তিনদিক থেকে মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে অগ্রসর হয়। এসব স্থানে পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ইসলামপন্থি দলগুলোর কর্মী ও সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে।
চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, ঝিনাইদহ, সিলেট, চাঁদপুর, খুলনাসহ বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চ দখল করে হামলা ও ভাংচুর চালায়। চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের ভাস্কর্যে ও ব্যানারে আগুন ধরিয়ে দেয়। বগুড়ায়ও গণজাগরণ মঞ্চে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রায় প্রত্যেকটি স্থানে একই ধরনের ঘটনা ঘটে। এছাড়া সাংবাদিকদের উপরেও হামলা চালায় ইসলামপন্থি দলগুলোর কর্মীরা। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা জানায়, সাংবাদিকরা গণজাগরণ মঞ্চের মাধ্যমে ইসলামের অবমাননা ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার তত্পরতায় উসকানি দিয়েছে।
