সদ্য বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিপুল অর্থের বিনিময়ে বক্তৃতাদানকারীদের কাতারে যোগ দিলেন। প্রতিবার বক্তৃতার জন্য তার ফি দুই লাখ ডলার। এই অর্থ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার মাসিক বেতনের চেয়েও বেশি। এক মাসেরও কম সময় আগে তিনি যখন মন্ত্রী ছিলেন তখন মাসে বেতন পেতেন এক লাখ ৮৬ হাজার ডলার। খবর এনডিটিভির
হিলারি ক্লিনটন নিউইয়র্ক ভিত্তিক সংস্থা হ্যারি ওয়াকারের প্রতিনিধিত্ব করবেন। তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও এই সংস্থা থেকে বক্তৃতা করেছেন। হিলারি মন্ত্রী হওয়ার আগে ১১ বছরে অর্থের বিনিময়ে ৪৭১টি বক্তৃতা দিয়েছেন। প্রতিবার বক্তৃতার জন্য গড়ে এক লাখ ৮৯ হাজার ডলার নিয়েছেন। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ছয়জন বক্তৃতাদানকারীর কাতারে আসেন। তিনি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে দাতব্য কাজের জন্য বিনা ফিতে কিছু বক্তৃতা করবেন। এছাড়া তিনি অলাভজনক কাজ করবেন।
