গফরগাঁওয়ে ২টি প্রতিষ্ঠানকে প্রেসক্লাবের একুশে সম্মাননা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
সমাজ পরিবর্তনে স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য উপজেলার ২টি প্রতিষ্ঠানকে একুশে স্মারক সম্মাননা ‘ভাষা শহীদ আব্দুল জব্বার পদকে’ ভূষিত করেছে গফরগাঁও প্রেসক্লাব। পদকপ্রাপ্ত প্রতিষ্ঠান ২টি হলো মুসলেহউদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগার এবং গফরগাঁও থিয়েটার। উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রেসক্লাব আয়োজিত অমর একুশে বইমেলার সমাপনী দিনে সাংবাদিক শামসুল হক মঞ্চে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট কায়সার আহম্মেদ। প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নাছিরউদ্দিন মনি, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান আহম্মেদ সাইফুস সালেহীন, প্রেসক্লাবের সহ-সভাপতি মানসুর আহম্মেদ, গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ, পৌর কাউন্সিলর মাহমুদুল হাসান সবুজ, সাংবাদিক সৈয়দ আসাদুজ্জামান সোহেল, পরিবেশবাদী সংগঠন ‘কৃষ্ণচূড়া’র সভাপতি আহসান হাবিব বাবু প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশবাদী সংগঠন ‘কৃষ্ণচূড়া’র পক্ষ থেকে উপজেলায় কর্মরত ২৯ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।