জেলা শহর মাইজদীতে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সাথে এক সংঘর্ষে ৩ পুলিশ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশীদ আজাদ, সদর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসীম উদ্দিন, জেলা বিএনপির নেতা জাহাঙ্গী আলম কালা, মোয়াজ্জেম হোসেন, ছাত্রদল নেতা হিরন ও শামীমসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে জাহাঙ্গী আলম পুলিশের লাঠি চার্জে ও অপররা গুলিবিদ্ধ হয়ে আহত হন। এই সময় বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা ৩টি বাস, সিএনজি আটোরিক্সা ভাংচুর করে ও ১টি বাসে অগ্নি সংযোগ করে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৩০ রাউন্ড গুলি ১০ রাউন্ড টিআরসেল নিক্ষেপ করে। ইটের আঘাতে সুধারাম থানার এসআই ইয়াসিন ফারুক ও সাইফুল ইসলাম এবং সিপাহী আমিরুল আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকাল সাড়ে চারটার দিকে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জামে মসজিদ মোড়ে আসলে পুলিশি বাধা পেলে জেলা বিএনপির সভাপতি মোঃ শাহাজাহান ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ মিছিল ঘুরিয়ে পৌর বাজারের দিকে নিয়ে যাবার সময় মিছিলের পিছন থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ সদস্যরা আহত হয়েছেন দেখে পুলিশ মারমুখী হয়ে উঠে। এ সময় পুলিশ শটগানের গুলি, টিআরসেল নিক্ষেপ ও এলোপাতাড়ি লাঠি চার্জ করে মিছিলটি ছত্র ভঙ্গ করে দেয়। পুলিশের সাথে সংঘর্ষের চলাকালে প্রায় ১ ঘন্টা দোকান পাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
