একটু ডায়াবেটিস

আপডেট : ০৪ মে ২০১৯, ১৮:১৯

পাশের বাসার এক পিচ্চি ছেলে প্রায়ই আমার কাছে এসে বসে থাকে। এটা সেটা জিজ্ঞেস করে, আর আমিও জ্ঞানগর্ভ উত্তর দিয়ে পাণ্ডিত্য জাহির করি।

সেদিনও সে এসে বসে আছে। আমার আর তার জন্য চা নিয়ে এসেছে আম্মা। সে চা খাচ্ছে আর পা দোলাচ্ছে। তখন আম্মা জিজ্ঞেস করল, ‘চায়ে চিনি কম হয়েছে না কি?’

সে বলল, ‘হ্যাঁ আন্টি। চিনি অনেক কম হইছে। কিন্তু সমস্যা নাই। আমি চিনি এমনি কম খাই। আমার সমস্যা আছে।’

আমি ঠাট্টা করে বললাম, ‘তোমার ডায়াবেটিস আছে?’

সে বলল, ‘হুম! একটু একটু ডায়াবেটিস আছে।’

আমি হাসছি দেখে সে বলল, ‘সত্যি বলছি, আমার একটু একটু ডায়াবেটিস আছে।’ তারপর হাতটা তার কপালে রেখে বলল, ‘এই যে দেখেন শরীর গরম।’